| | |

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

নাজমুল হুদা

ঢাকার সাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ক্লাব ডে-২০২৬’। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।

আর্মি আইবিএ স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করা। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এবারের ক্লাব ডে উপলক্ষে স্পোর্টস ক্লাব, মার্কেটিং অ্যান্ড ইনোভেশন ক্লাব (এমআইসি) এবং প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ক্লাব (পিওসি) যৌথভাবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে।

স্পোর্টস ক্লাবের উদ্যোগে শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটসাল টুর্নামেন্ট, ফুটবল কুইজ, ডার্টস থ্রো, কিক দ্য বল, বল থ্রো ও পিলো পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। দিনশেষে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

অন্যদিকে প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ক্লাবের উদ্যোগে ‘বাকল আপ ৩.০: গেট ক্যারিয়ার ন্যাভিগেশন ফ্রম প্রফেশনালস’ শীর্ষক একটি ক্যারিয়ারভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা পেশাজীবীদের কাছ থেকে কর্মজীবনের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ গ্রহণের সুযোগ পান।

একইসঙ্গে মার্কেটিং অ্যান্ড ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘বিজমার্ক: ইন্ট্রা ইউনিভার্সিটি বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন’। এতে শিক্ষার্থীরা দলগতভাবে ব্যবসায়িক কৌশল প্রণয়ন ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের বিশ্লেষণী এবং সৃজনশীল দক্ষতার পরিচয় দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি আইবিএর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান। তিনি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বগুণ অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, ক্লাব মডারেটর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ক্লাব ডে শুধু বিনোদন বা প্রতিযোগিতার আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, টিমওয়ার্ক, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted