জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রীসংস্থা। জাবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটি সামনে আসে। তবে এখনো বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করা হয়নি।
ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তা দিতে ইসলামী ছাত্রীসংস্থা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের পাশে একটি অস্থায়ী বুথ স্থাপন করেছে। সেখান থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীসংস্থার প্রাথমিক সদস্য ফরমও বিতরণ করা হচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ) ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। বেলা পৌনে দুইটায় অমর একুশে ভাস্কর্যের পাশে গিয়ে দেখা যায়, কাপড় ও বাঁশের প্যান্ডেল দিয়ে তৈরি একটি বুথ। বুথের সামনে ব্যানারে লেখা রয়েছে—‘হেল্প ডেস্ক ও তথ্যকেন্দ্র, বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’। বুথের ভেতরে কয়েকজন শিক্ষার্থী চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন। তাঁদের সামনে থাকা টেবিলে ওষুধ, স্যানিটারি প্যাড, বিভিন্ন বই এবং ছাত্রীসংস্থায় যুক্ত হওয়ার প্রাথমিক সদস্য ফরম রাখা আছে।
বুথে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা জানান, যেসব শিক্ষার্থী তাঁদের কাছ থেকে সেবা নিচ্ছেন, তাঁদের মধ্যে কেউ স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করলে ছাত্রীসংস্থার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ওই ফরম দেওয়া হচ্ছে। ফরম পূরণের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের প্রাথমিক পরিচয় সংরক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রীসংস্থার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার মনোনীত সভানেত্রী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার অংশ হিসেবে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, বিনা মূল্যে ব্যাগ ও মুঠোফোন জমা রাখার ব্যবস্থা, মুঠোফোনে কল করার সুবিধা এবং নামাজের জায়গার ব্যবস্থাও করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কোনো কমিটি রয়েছে কি না—এমন প্রশ্নে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি নেই। আগামী ২০২৬ সালে আমরা কমিটি প্রকাশ করব। ছাত্রীসংস্থার কেন্দ্রীয় দায়িত্বশীলদের মাধ্যমে আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সভানেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে কতজন সদস্য থাকবেন, তা কমিটি প্রকাশের পর জানানো হবে।’
উল্লেখ্য, এর আগে গত বছর ৩৫ বছর পর প্রকাশ্যে আসে ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কমিটি।










