চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। একটি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ, অপরটি দিয়েছে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের একাংশ। আজ রোববার মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে চাকসুর বিভিন্ন পদে মোট ২৮ জন ফরম নিয়েছেন। এর মধ্যে ২৬ জন কেন্দ্রীয় সংসদের জন্য এবং ২ জন হল সংসদের জন্য।
নির্বাচন কমিশনের তথ্যমতে, কেন্দ্রীয় সংসদের ২৬ জন প্রার্থীর মধ্যে সহসভাপতি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে একজন, সহসাধারণ সম্পাদক পদে একজন, ক্রীড়া সম্পাদক পদে দুজন, সহ–ক্রীড়া সম্পাদক পদে একজন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে একজন, সহ–সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে একজন, দপ্তর সম্পাদক পদে একজন, ছাত্রীকল্যাণ সম্পাদক পদে একজন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক একজন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন–বিষয়ক সম্পাদক একজন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একজন, যোগাযোগ ও আবাসন সম্পাদক একজন এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে একজন ফরম নিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় কমিশনের কক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
দুই প্যানেলের ঘোষণা
ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের একাংশ মিলে গঠন করেছে ‘দ্রোহ পর্ষদ’। এ প্যানেলে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ও নাট্যকলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ঋজু লক্ষ্মী অবরোধ। সাধারণ সম্পাদক পদে থাকবেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ইয়াজ উদ্দিন। তাঁদের দাবি, শাটল ট্রেন, আবাসনসংকট, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, লাইব্রেরি আধুনিকায়ন, সার্বিক নিরাপত্তা ও চাকসুর গঠনতন্ত্র সংস্কারের বিষয়গুলো তাঁদের প্রধান এজেন্ডা।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশ নেবে ‘চাকসু ফর র্যাপিড চেঞ্জ’ নামের প্যানেল নিয়ে। সম্ভাব্য সহসভাপতি প্রার্থী হচ্ছেন সংগঠনের আহ্বায়ক ও বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তামজিদ উদ্দিন। সাধারণ সম্পাদক পদে লড়বেন সদস্যসচিব ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোমান রহমান। তাঁরা ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র নেবেন।
প্রথম মনোনয়ন নিলেন খেলোয়াড় তায়েফুল
চাকসু নির্বাচনে প্রথম মনোনয়ন সংগ্রহ করেছেন ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তায়েফুল আলম। তিনি কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় ভলিবল দলের সঙ্গে যুক্ত থাকা এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ভলিবল দলের অধিনায়ক তায়েফুল বলেন, দীর্ঘদিন খেলোয়াড়দের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে এবার চাকসুর মাধ্যমে তাঁদের স্বার্থে কাজ করার ইচ্ছেই তাঁকে নির্বাচনে আসতে উদ্বুদ্ধ করেছে।










