কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যেখানেই অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট, জিরো টলারেন্স।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে ৪৪তম বিসিএস ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনার মাধ্যমে একটি শৃঙ্খলাবদ্ধ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর একান্ত উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) ফখরুদ্দিন আহামেদ, বিসিএস লাইভস্টক একাডেমির পরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।










