ঢাকার আশুলিয়ায় থানার একটি বাসা থেকে সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অবস্থিত তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বিকেলে সহকর্মী ও বন্ধুরা তাকে ফোন করলে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে তারা তার ভাড়া করা ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ অবস্থায় ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’










