ঢাকার সাভারে পৃথক অভিযানে ২শ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন সাদ্দাম হোসেন (২৬) ও আতিকুর রহমান (৪২)।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের আশুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আশুলিয়ার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে আতিকুর রহমানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আশুলিয়ার ইসলামপুর মহল্লার আবুল কালাম আজাদের ছেলে।
অন্যদিকে একই রাতে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার শেরআলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পুরিয়া হেরোইনসহ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ গাজীরচট এলাকার মৃত শাহ আলমের ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।









