ঢাকার সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত রনি পাবনারটেক পশ্চিমপাড়ার ইমরানের বাড়ির নিচতলায় বসবাস করতেন। তিনি প্রায় আট বছর ধরে ওই বাড়ি ও সংলগ্ন একটি গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম রফিকুল ইসলাম রিপন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার সময় রনি বাসায় একাই ছিলেন। এ সময় তিনি ককটেল তৈরির চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে রনিকে উদ্ধার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ককটেল তৈরির সময় বিস্ফোরণের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। রনির সঙ্গে এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সম্প্রতি সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল নিক্ষেপের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









