| | |

ছাত্রীকে উত্ত্যক্তের জের

যবিপ্রবি রণক্ষেত্র, পাঁচজন আহত

জেলা প্রতিনিধি, যশোর

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে আমবটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়েক দফায় এই সংঘর্ষে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় যবিপ্রবির এক ছাত্রী ক্যাম্পাসের সামনে আমবটতলা মোড়ে একটি দোকানে যান। এসময় দোকানি ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। এতে ক্ষিপ্ত হয়ে যবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী ওই দোকানিকে মারধর করেন। এ ঘটনার জেরে দোকানিদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়। কয়েক দফায় চলা এই সংঘর্ষে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে গেলে স্থানীয়রা ক্যাম্পাসের সামনের সড়কে টায়ার ও বেঞ্চ পুড়িয়ে বিক্ষোভ করেন। পরে স্থানীয় ফাঁড়ি, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে না পারায় পরে সেনাবাহিনী, পুলিশসহ স্থানীয় রাজনৈতিক নেতাদের আহ্বান করি। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে; কী কারণে এই ঘটনা ঘটেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আহতের সংখ্যা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ