তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল নেদারল্যান্ডস। তবে ৮ উইকেটে ১৩৬ রানের বেশি পুঁজি দাঁড় করাতে পারেনি তারা।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ৩৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে। লিটস দাস ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। দুই বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা সাইফ হাসান ১৯ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।
ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৯ রান। পারভেজ হোসেন ইমন ৯ বলে ১৫ রান করেন।
এর আগে ডাচদের পক্ষে ব্যাটিংয়ে ২০ পেরোতে পেরেছেন মাত্র দু’জন। ওপেনার ম্যাক্স ও’ডাউড ১৫ বলে ২৩ রান করেন। তেজা নিদামানুরুর ব্যাট থেকে আসে ২৬ বলে ২৬ রান।
বল হাতে বাংলাদেশের হয়ে আলো ছড়ান তাসকিন আহমেদ। ২৮ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। জোড়া শিকার ধরেন সাইফ হাসান। ম্যাচসেরা পুরস্কার পান তাসকিন।
একই ভেন্যুতে সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।










