| | |

টাঙ্গাইল

স্ত্রীর স্বীকৃতি চাওয়া নারীকে গাছে বেধে নির্যাতন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতি চাওয়া এক নারীকে (৩০) গাছে বেঁধে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- অভিযুক্ত তরুণ আবদুর রশিদ (২১), তাঁর বাবা আব্বাস আলী (৫০) ও মা চন্দ্রা ভানু (৪৫)। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাঁদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার উপজেলার একটি গ্রামে ওই নারীকে গাছে বেঁধে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই নারীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বছরখানেক আগে রশিদ ও ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস আগে তাঁরা আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। তবে সম্প্রতি রশিদ ওই নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ে অস্বীকার করেন।

এরপর স্ত্রীর স্বীকৃতির দাবিতে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রশিদের বাড়িতে গিয়ে অনশনে বসেন ওই নারী। একপর্যায়ে দুপুরে রশিদ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে গাছে বেঁধে মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে স্থানীয় একজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁর বাবা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, মামলা হওয়ার তিন ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ