| | |

আশুলিয়ায় ৬ ইটভাটায় অভিযান, কার্যক্রম বন্ধ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারের আশুলিয়ায় অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমাণ আদালত ইটভাটাগুলোর চিমনি ভেঙে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং একটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করে।

বুধবার (৫ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে থেকে তিনি আশুলিয়ার শিমুলিয়া এলাকায় ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়ার শিমুলিয়া এলাকায় মেসার্স এসআরএম ব্রিকস নামের একটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে ওই ইটভাটার ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মেসার্স ওরিন ব্রিকস, মেসার্স ব্রিকস লিমিটেড, মেসার্স নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও মেসার্স আরইএস ব্রিকস নামের চারটি ইটভাটার চিমনি ভেঙে তাদের কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে আরও একটি ইটভাটা, মেসার্স পিবিসি ব্রিকস, পরিবেশ আইনের বিভিন্ন ধারায় ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, ‘মোট ছয়টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এসব ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এক ইটভাটার ম্যানেজারকে কারাদণ্ড ও আরেকটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।’

তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ