| | |

বাসচালককে মারধর

গভীর রাতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নাজমুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি বাসের চালককে মারধরের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গভীর রাতে ঢাকায় গিয়ে বিক্ষোভ করেছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত চারটার দিকে ঢাকার আসাদ গেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে পুলিশের আশ্বাসে মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

শিক্ষার্থীরা জানান, সোমবার রাত ১০টার দিকে বঙ্গবাজার থেকে ক্যাম্পাসে ফিরছিল বিশ্ববিদ্যালয়ের বাসটি। আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলচালকদের বিশৃঙ্খল অবস্থানের কারণে বাসটি যানজটে আটকে পড়ে। এ সময় বাসচালক সাগর হোসেন এক মোটরসাইকেলচালককে রাস্তা ছাড়ার অনুরোধ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন অজ্ঞাত তরুণ তাকে বেধড়ক মারধর করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকেও মারধরের চেষ্টা করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রাত তিনটার দিকে শিক্ষার্থীরা একটি বাসে করে ঘটনাস্থলে গিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাসচালকের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর পরিবহনবিষয়ক সম্পাদক তানভীর রহমান জানান, এ ঘটনায় মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজ ও ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ