| | |

ঢাকার আশুলিয়া

সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও অর্থ আত্মসাতের অভিযোগ

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়ার আড়াগাও চকলেট ফ্যাক্টরি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতার বিরুদ্ধে প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভন, ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাম্মদ লাকি আক্তার তিন্নি (৩০) আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১১ সালে আশুলিয়ার আড়াগাও এলাকার শুকুর আলীর সঙ্গে ইসলামি শরিয়ত মোতাবেক তিন্নির বিয়ে হয়। দীর্ঘ ১০ বছর তারা সংসার জীবন কাটান। তবে ২০২১ সালের দিকে স্থানীয় তৎকালীন ছাত্রলীগ নেতা সেলিম রেজার সঙ্গে পরিচয়ের পর তার জীবনে পরিবর্তন আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও বিয়ের আশ্বাস দিয়ে সেলিম রেজা তাকে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদে প্ররোচিত করেন। পরে একসঙ্গে বসবাস শুরু হলেও বিয়ের বিষয়ে বারবার এড়িয়ে যান তিনি।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তিন্নি অন্যত্র বিয়ে করলেও সেলিম রেজা অতীতের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতেন এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেন।

লিখিত অভিযোগে তিন্নি দাবি করেন, পরবর্তীতে নতুন করে সংসার করার আশ্বাস দিয়ে তার কাছ থেকে নগদ ৩০ লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া হয়। টাকা ও স্বর্ণ নেওয়ার পর সেলিম রেজা যোগাযোগ এড়িয়ে যেতে শুরু করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

সর্বশেষ গত ২২ জুন বিয়ের বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযুক্ত সেলিম রেজার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ