সাভারের আশুলিয়ায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় আলোচিত সেই পোড়া পুলিশ ভ্যানের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাইপাইল ত্রিমোড় এলাকায় জমি উদ্ধার অভিযান চালানোর সময় ভ্যানটির সন্ধান মেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বাইপাইল ত্রিমোড় এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের অস্থায়ী ডাম্পিং স্টেশন খালি করার উদ্যোগ নেওয়া হলে আড়ালে থাকা পোড়া পুলিশ ভ্যানটি দেখতে পান সংশ্লিষ্টরা।
ভ্যানটির সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হন। তারা ভ্যানটি সংরক্ষণের দাবি জানান।
আন্দোলনকারী আবিদুল আফিফ বলেন, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার পর থেকেই তারা ভ্যানটির সন্ধান করছিলেন। তার দাবি, ওই ঘটনার স্মৃতি হিসেবে ভ্যানটি জুলাই জাদুঘরে সংরক্ষণ করা উচিত।
আরেক আন্দোলনকারী ফয়সাল হোসেন ফাল্গুন বলেন, দীর্ঘদিন ধরে তারা ভ্যানটির খোঁজ করছিলেন। তার ভাষ্য, এটি ওই ঘটনার স্মৃতি বহন করছে। তাই ডাম্পিংয়ে না পাঠিয়ে এটি জাদুঘরে সংরক্ষণ করা প্রয়োজন।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তবে উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা জেলার রিজার্ভ ফোর্সের কর্মকর্তা শহিদুল বলেন, ভ্যানটি সরিয়ে নেওয়ার বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তার ভাষ্য, এটি মামলার আলামত হওয়ায় আদালতের নির্দেশনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রয়োজন। সিদ্ধান্ত না আসা পর্যন্ত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ এবং পরে নিহত ও আহতদের একটি পুলিশ ভ্যানে তুলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন নিহত হওয়ার কথা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। দীর্ঘদিন পর ওই ঘটনায় ব্যবহৃত পোড়া ভ্যানটির সন্ধান পাওয়ায় ঘটনাটি আবারও আলোচনায় এসেছে।








