যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে সর্বোচ্চ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত র্যাঙ্কিং থেকে এ তথ্য জানা গেছে। এবারের তালিকায় বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ৮০১ থেকে ১০০০-এর মধ্যে একই অবস্থানে রয়েছে।
এর পরের ১০০১ থেকে ১২০০ অবস্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২০১ থেকে ১৪০০ অবস্থানের মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
১৪০১ থেকে ১৬০০ অবস্থানের মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া ১৮০১ থেকে ২০০০ অবস্থানের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশনের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়েও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এদিকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের এ অবস্থানের জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের অবস্থান অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানের বিষয়। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন কাজ করছে। গবেষণা ও আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বাড়ানো হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।








