ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের কয়েকজন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সহসভাপতি গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় আরও পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আশুলিয়ার চিত্রশাইলের মানিকগঞ্জপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ওপর কয়েকজন হামলা চালান। এ সময় বাধা দিতে গেলে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাঈদ হাসান মিঠুকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা আরও পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন।
আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘একদল লোক আমাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে। এতে সাঈদ হাসান মিঠু গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক অনুসন্ধানে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








