জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ ক্লাইমেট অ্যাকশন প্রজেক্টের উপস্থাপনা ও তায়কান্দোর ওপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা এ আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার ইও জিইয়ন ও লিম বঙ ট্যাক যুব নেতৃত্ব ও তায়কান্দো বিষয়ে আলোচনা করেন।
প্রতিনিধিদল আগামী ১৮ নভেম্বর জাবিতে কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ ক্লাইমেট অ্যাকশন প্রজেক্টের উপস্থাপনা এবং ২০২৭ সালের ২৪ জানুয়ারি তায়কান্দোর ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করতে চায়।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম প্রতিনিধিদলকে জাবিতে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ে এসব আয়োজনের আগ্রহ প্রকাশ করায় তাদের ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুটি অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. খন্দকার মো. শরিফুল হুদা, শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক আজমল আমীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপপরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।









