| | |

অবৈধ রিফিলের এলপিজি, বেশি দামে বিক্রি

নাজমুল হুদা

ঢাকার আশুলিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) বিকেলে আশুলিয়ার কাঠগড়া ও ককুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।

অভিযান সূত্রে জানা যায়, কাঠগড়া এলাকার মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজে ক্রয়মূল্য, বিক্রয়মূল্য ও প্রদর্শিত মূল্য তালিকায় গড়মিল পাওয়া যায়। এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ককুটুরিয়া এলাকার ইকবাল এন্টারপ্রাইজে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে এলপিজি রিফিল করে বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি, ক্রয় রসিদ দেখাতে না পারা এবং মূল্য তালিকা প্রদর্শন না করারও অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া গ্যাসের সিলিন্ডারে পানি ভর্তির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির মালিক ইকবাল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও কাগজপত্রে গড়মিল পাওয়ায় হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর ইকবাল এন্টারপ্রাইজে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল এবং সিলিন্ডারে পানি ভর্তির প্রমাণ পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস রিফিলের মতো কর্মকাণ্ড পুনরায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ