| | |

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-লুটপাট: বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

নাজমুল হুদা

সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কোরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্থানীয় বিএনপি নেতাসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে সোমবার ভোরে মাদ্রাসার উপপরিচালক (প্রশাসন) সৈয়দ সানজিদ বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশ জানায়, মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় ইমাম হাসানকে প্রধান আসামি এবং সাভারের ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

এজাহারে বাদী অভিযোগ করেন, মাদ্রাসার মার্কেট নিয়ে আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইমাম হাসানের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে মাদ্রাসা ও মার্কেট এলাকায় প্রবেশ করেন। সেখানে তারা মার্কেট দখলের চেষ্টা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

মাদ্রাসার নিরাপত্তা ইনচার্জ মো. আলতাব হোসেন বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা মাদ্রাসার আসবাবপত্র, দরজা-জানালা ও প্রায় ২০টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া মাদ্রাসার লকারে থাকা ২০ লাখ টাকা, দুটি ল্যাপটপ ও ১০টি কম্পিউটার মনিটর নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, মার্কেট দখলকে কেন্দ্র করে বিরোধের জেরেই ইমাম হাসান ও জাকির হোসেনের নেতৃত্বে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা জাকির হোসেন। তিনি বলেন, সৈয়দ সানজিদের সঙ্গে মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। তার দাবি, সানজিদ জোরপূর্বক মাদ্রাসাটি দখল করে রেখেছিলেন। এ কারণে স্থানীয়রা তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন।

মামলার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ