| | |

নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে সাভারে তিতাস কার্যালয় ঘেরাও

হাসিবুল হাসান শান্ত

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও স্বাভাবিক চাপের দাবিতে সাভারে তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ব্যাংক টাউন এলাকার বাসিন্দারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাভারের শিমুলতায় তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে ব্যাংক টাউন এলাকার শত শত নারী-পুরুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা দীর্ঘদিন ধরে গ্যাসের স্বাভাবিক চাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।

ব্যাংক টাউন আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংক টাউন এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ নেই। এতে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করেও কেন স্বাভাবিক সরবরাহ পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে তিতাস কর্তৃপক্ষের জবাবদিহি করা উচিত।

সমিতির সাধারণ সম্পাদক এমারত হোসেন বলেন, দীর্ঘদিনের গ্যাস সংকটে এলাকাবাসী ক্ষুব্ধ। দ্রুত সরবরাহ স্বাভাবিক করা না হলে বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।

সমিতির প্রধান উপদেষ্টা আর আই সাজ্জাদ বলেন, নিয়মিত বিল পরিশোধ করলেও দিনের অধিকাংশ সময় গ্যাস পাওয়া যায় না। শুধু রাতে অল্প সময় গ্যাস এলেও চাপ থাকে খুবই কম। এতে রান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের।

বিক্ষোভকারীরা জানান, দিনের বেশির ভাগ সময় গ্যাস না থাকায় তাদের বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে তিতাস গ্যাসের সাভার জোনাল বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক আবদুল্লাহ হাসান আল মামুন বলেন, ব্যাংক টাউন এলাকায় গ্যাসের চাপ কম থাকার বিষয়টি তারা অবগত আছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক হলে ওই এলাকায় সরবরাহও স্বাভাবিক হবে।

তিতাস গ্যাসের সাভার কার্যালয়ের মহাব্যবস্থাপকও ব্যাংক টাউন এলাকায় গ্যাসের চাপ কম থাকার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে।

বিক্ষোভকারীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে ব্যাংক টাউন এলাকায় স্বাভাবিক চাপের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ