পারিবারিক কলহের জেরে ননদের কামড়ে ছিঁড়ে গেছে ভাবির ঠোঁট।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বাঘিয়া এলাকায়। ভুক্তেভোগী ওই নারী পারুলী বেগম ওই এলাকার বশীর সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারুলী বেগমের নানা কারণে শ্বশুরবাড়িতে নিয়মিতই কলহ চলতো। শনিবার (৬ ডিসেম্বর) সকালে পারিবারিক কলহ থেকে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পারুলীর ননদ চুলের মুঠি টেনে ধরেন। পালটা আঘাত করেন পারুলীও। এক সময় তার ননদ ক্ষিপ্ত হয়ে উঠে পারুলীর ঠোঁট কামড়ে ধরে। এতে তার ঠোঁটের বাম পাশের চামড়া মাংসসহ উঠে যায়।
পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানান, ঠোঁটের একটি অংশে আমি রিকনস্ট্রাকশন সার্জারি করেছি। কিন্তু পুরো টিস্যু না থাকায় ঠোঁটের আগের মতো অবস্থায় হয়তো যাবে না।
এ ঘটনায় মামলা করবেন বলে জানান আহত পারুলী বেগম।
রাজবাড়ী জেলা সদর থানা পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।










