কক্সবাজারের চকরিয়ায় বৃদ্ধকে হত্যার অভিযোগে তার ভাতিজাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেয় এলাকাবাসী। বুধবার ( ২৬ নভেম্বর) উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায়।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কালু (৮০)। তিনি ওই এলাকার মৃত মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত ভাতিজার নাম আলী আহমদ (৬০)। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে কালুর সঙ্গে আলী আহমদের বিরোধ ছিল। এর জেরে বুধবার সকালে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আলী দার চাচা মোহাম্মদ কালুর বুকে লাথি দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পুলিশ আলী আহমদকে আটক করে নিয়ে যেতে চাইলে কালুর স্বজনেরা তাকে ছিনিয়ে নিয়ে মারধর করেন। এ সময় আলী আহমদের বাড়িঘরও ভাঙচুর করা হয়। পাশাপাশি আলী আহমদের স্ত্রী পারভিন আকতারকেও মারধরের অভিযোগ উঠেছে।
জানতে চাইলে নিহত কালুর ছেলে সরোয়ার আলম বলেন, ‘আমার বাবাকে আমাদের সামনে বুকে লাথি দিয়ে হত্যা করা হয়েছে। পরে আলী আহমদকে স্থানীয় বাসিন্দারা গণপিটুনি দিয়েছেন। এ ঘটনার সঙ্গে আমার পরিবারের কেউ জড়িত নন।’
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, নিহত ব্যক্তির ভাতিজা আলী আহমদকে আটক করে থানায় আনার পথে পুলিশের ভ্যান আটকে তাঁকে মারধর করা হয়েছে। এরপর আলী আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।










