| | |

সাভারে ডিবি পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতি, ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা রাজধানীর তুরাগ এলাকা থেকে ছিনতাই করে একদল ডাকাত। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এ ছিনতাই চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী কারখানার পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে মামলাটির ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহিদুল ইসলাম (দলের সরদার), সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন।

অভিযানে ছিনতাই করা টাকার মধ্যে ৫ লাখ টাকা, একটি ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‍্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

ডাকাতির বাকি ২০ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted