| | |

আগুনে দগ্ধ জাবির সেই ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

আগুনে দগ্ধ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি টানা সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি (রবিবার) রাতে একই ঘটনায় দগ্ধ অভিযুক্ত যুবক আব্দুস সোবহান রায়হানও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে দায়িত্বরত চিকিৎসক ডা. জহির উদ্দিন বলেন, রনির শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তার শ্বাসনালীসহ শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় হার্ট, কিডনি ও ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকেজো হয়ে পড়েছিল। শেষ দিকে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ায় লাইফ সাপোর্টে রেখেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ইসলামনগর এলাকায় পারিবারিক কলহের জেরে নিজের ঘরে অকটেন ছিটিয়ে আগুন ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান রায়হান। এতে দগ্ধ হন রনি, রায়হান, রাহাত ও হাসিনুর।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted