ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত এক ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পথচারী ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করে আসছিল। স্থানীয়দের দেওয়া তথ্য ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে যৌথ বাহিনী পরিকল্পিতভাবে পাঁচটি স্থানে একযোগে অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন—আজহার (৩২), রকিবুল (২৩), কাওসার (২৪), আফজাল (২৯), জুঁই (২৬) এবং আরিফুল ইসলাম (২৩)। তারা সবাই আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি ও ছিনতাই করা ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়কে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযান শেষে তাদের এবং উদ্ধারকৃত অস্ত্রসমূহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ‘যৌথ বাহিনীর এ অভিযানে এলাকার সবচেয়ে বড় ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’










