| | |

ঢাকার সাভার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাভারে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারের ব্যাংক টাউন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ জোহর আয়োজিত এ মাহফিলে মাদ্রাসার কয়েক শতাধিক ছাত্র, আলেম-ওলামা, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পুরো মাদ্রাসা প্রাঙ্গণে আবেগঘন পরিবেশ বিরাজ করে এবং অংশগ্রহণকারীরা দেশনেত্রীর সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা করেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ছাত্রদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। ছাত্ররা এমন মানবিক আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজক রাশেদুল আহসান রাশেদ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতার জন্য এমন দোয়া ও মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সুস্থ হয়ে শিগগিরই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও জানান, দলীয় নেতাকর্মীদের মনোবল অটুট রাখতে নিয়মিতভাবে এমন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হবে।

ব্যাংক টাউন হাফিজিয়া মাদ্রাসা–এতিমখানার শিক্ষক ও ছাত্ররাও এ আয়োজনকে সৌভাগ্য হিসেবে দেখছেন। তাদের বিশ্বাস, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতিকে নতুন পথ দেখাবেন।

স্থানীয়দের মতে, দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় আঙ্গিকের পাশাপাশি এক ধরনের রাজনৈতিক আবহও তৈরি হয়। তাদের মতে, বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু একটি রাজনৈতিক দলেরই প্রত্যাশা নয়, বরং গণতন্ত্রকামী মানুষেরও প্রার্থনা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ