| | |

জাবির হলে গাঁজা সেবনের সময় ছাত্রী আটক

নাজমুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবাব ফয়জুন্নেসা হলে গাঁজাসহ এক ছাত্রীকে আটক করেছেন হল সংসদের শিক্ষার্থীরা। ঘটনাটি তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে হলের ১১৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। অভিযুক্ত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী।

জানা যায়, যে কক্ষে অভিযান চালানো হয় সেটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তনুজা তিথির নামে বরাদ্দ ছিল। হল সংসদের জিএস সুমাইয়া খানমের অভিযোগের ভিত্তিতে হলের ওয়ার্ডেন সুলতানা আক্তার অভিযান পরিচালনা করেন। এ সময় কক্ষ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পরে বেগম খালেদা জিয়া হলের সাধারণ সম্পাদক ফাতেমা তুজ যোহরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত ছাত্রীকে নিয়ে যান।

নবাব ফয়জুন্নেসা হল সংসদের জিএস সুমাইয়া খানম বলেন, “এর আগেও ওই ছাত্রী বহিরাগত নিয়ে হলে আসার অভিযোগ ছিল। আজ তাকে হাতেনাতে ধরা হয়েছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

নবাব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট গোলাম মোস্তফা বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মনজুর ইলাহী জানান, অভিযুক্ত ছাত্রী তাদের হলের আবাসিক হলেও নিয়মিত সেখানে থাকতেন না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

ঘটনার পর অভিযুক্ত ছাত্রী হল ত্যাগ করেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted