| | |

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ

হাসিবুল হাসান শান্ত

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাশের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ৪৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী তারিকুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

জানা গেছে, অভিযুক্ত ও ভুক্তভোগীর মধ্যে পূর্বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ২৪ ফেব্রুয়ারি তারিকুল ইসলাম ভুক্তভোগীর আবাসিক হল তারামন বিবি হলের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সম্পর্কের ‘শেষ কথা’ বলার কথা বলে তিনি ভুক্তভোগীকে ইসলামনগরের একটি বাসায় নিয়ে যান বলে অভিযোগ।

সেখানে ভুক্তভোগীর মুখে টেপ পেঁচিয়ে তাকে মারধর করা হয় এবং তার হাতে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্ত কক্ষের বাইরে গেলে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডা. তানভীর হোসেন জানান, আহত অবস্থায় পুলিশ তাকে নিয়ে আসে। তার হাতে প্রায় ৩ থেকে ৪ সেন্টিমিটার অংশ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ