| | |

ভাঙায় বাসচাপায় প্রাণ গেল মা-মেয়েসহ ৪ জনের

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার রেলক্রসিং-সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ জন একই পরিবারের। এ সময় ৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও দমকলবাহিনী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কৈডুবি সদরদী এলাকায় মহাসড়কে কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এ সময় ইজিবাইকের যাত্রীদের উদ্ধার করে ৯ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গণেশ চন্দ্র সাহা বলেন, নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রহমান শিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩), রিমু আক্তারের ছেলে রায়হান (আড়াই বছর) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় শাহ আলম বাবু (৫৬)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দীন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ