| | |

ঢাকা জেলা প্রশাসক

‘ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই’

নাজমুল হুদা

ঢাকাকে আরও বাসযোগ্য, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

মঙ্গলবার (৩০ জুন) সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, “সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ আগামীর নিশ্বাস”।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি বিশুদ্ধ বাতাস, জীববৈচিত্র্য এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে।”

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও পরিবেশগত ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, “শুধু আনুষ্ঠানিকভাবে গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ বাঁচানো মানে একটি জীবন, একটি পরিবার এবং একটি সুস্থ পরিবেশকে বাঁচিয়ে রাখা।”

শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, শিল্পপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা এবং খালি জায়গাগুলোতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে জেলা প্রশাসক একটি গবেষণার তথ্য তুলে ধরে বলেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে প্রায় ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করেন। সেই হিসেবে একজন মানুষের জীবনভর অক্সিজেনের চাহিদা পূরণে প্রায় ১৭টি পূর্ণবয়স্ক গাছ প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, বাস্তবে রোপণ করা সব গাছ পরিণত বয়সে পৌঁছায় না। তাই প্রত্যেকের জীবনে অন্তত ১০০টি গাছ রোপণের মানসিকতা তৈরি করা প্রয়োজন, যাতে পর্যাপ্ত সংখ্যক গাছ পরিবেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে।

এ সময় তিনি আরও বলেন, “আইসিইউতে অর্থের বিনিময়ে অক্সিজেন পাওয়া সম্ভব হলেও একটি পরিণত গাছ যে অক্সিজেন, ছায়া, শীতলতা, জীববৈচিত্র্যের আশ্রয় ও পরিবেশগত সুরক্ষা দেয়, তার প্রকৃত মূল্য অর্থ দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম, আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন এবং সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted