ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, চাপাতি ও লোহার রডসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সোহাগ মোল্লা (২৭), সুজন মিয়া (৩০), চাঁন মিয়া (২৭), ইমরান হোসেন (২৫) ও হৃদয় (২৫)। তারা নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর মধ্যে সোহাগ মোল্লা ও সুজন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।










