মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের ছবি প্রদর্শন করে তাতে ময়লা-আবর্জনা নিক্ষেপের কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবনের সামনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একদল শিক্ষার্থীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রদর্শনীর নাম দেওয়া হয় ‘ঘৃণাস্তম্ভ’।
সরেজমিনে দেখা যায়, পুরোনো কলাভবনের সামনে একটি খুঁটিতে মোট ১০টি ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। ছবিগুলোর নিচে স্তূপ করে রাখা হয়েছে ময়লা-আবর্জনা এবং পাশে রাখা হয়েছে একটি ডাস্টবিন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শিত ছবিগুলো জামায়াত নেতা গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় কয়েকটি ছবিতে তাদের দাড়ি অপসারণ করা হয়েছে।
আয়োজক শিক্ষার্থীরা জানান, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিরোধিতাকারীদের ‘হিরো’ বানানোর অপচেষ্টার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। মহান বিজয় দিবসের দিনে প্রতীকীভাবে রাজাকারদের ছবি প্রদর্শন করে সেখানে ময়লা নিক্ষেপের মাধ্যমে ঘৃণা ও প্রতিবাদ প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও আল-বেরুনী হল সংসদের সাধারণ সম্পাদক মুন্তাসির বিল্লাহ খান বলেন,
“রাজাকার, আলবদর ও মুক্তিযুদ্ধবিরোধীরা চিরকালই আবর্জনার মতো। প্রতীকী অর্থে তাদের ছবি প্রদর্শন করে তাতে ময়লা নিক্ষেপ করা হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই দেশে রাজাকারদের কোনো স্থান নেই।”
একই বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নবীন কিশোর গোস্বামী বলেন, “মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে, এটি তাদের জন্য একটি ঘৃণাস্তম্ভ। তাদের প্রতি ঘৃণার প্রকাশ হিসেবেই এই আয়োজন।”










