গুগল ম্যাপ অনুসরণ করে কুমিল্লার বুড়িচংয়ে প্রেমিকের বাড়িতে হাজির হেয়েছে এক কিশোরী প্রেমিকা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিকা আসার খবর পেয়ে প্রেমিক তুষার পালিয়ে গছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা চরের বাড়ি এলাকায়। ওই এলাকার তুষারের বাড়ি গিয়ে জানা যায়, গাজীপুরের শ্রীপুর পুরান বাজার এলাকার ১৪ বছর বয়সী হাবিবা আক্তার গত বুধবার সকালে গুগল ম্যাপের মাধ্যমে পথ নির্দেশনা অনুসরণ করে প্রেমিক তুষারের বাড়িতে চলে আসে। হাবিবা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
সে ওই এলাকার মৃত হাবিবুল্লাহর একমাত্র মেয়ে। তার মায়ের নাম তাসলিমা আক্তার। অন্যদিকে তুষার স্থানীয় একটি পোলট্রি ফার্মের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন।
তুষারের বাবা শফিক ও বোন তিশা আক্তার জানান, টিকটক ও ফেসবুকের মাধ্যমে তুষার ও হাবিবার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।
হাবিবা বাড়িতে পৌঁছালে তারা পরিস্থিতি সামাল দিতে আপাতত তাকে রাখেন।
প্রেমিকা হাবিবা বলেন, তুষারের সঙ্গে ফেসবুক-টিকটকে পরিচয়।
তাকে বিয়ে করার উদ্দেশ্যেই গুগল ম্যাপ দেখে এখানে এসেছি। তুষার ছাড়া বাড়িতে ফিরব না।
ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা এবাদুল, আবুল হোসেনসহ কয়েকজন।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, ঘটনাটি আমরা শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










