উৎসবমুখর পরিবেশে সাভার-এ উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা।
এ উপলক্ষে বিকেল ৫টার দিকে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমি প্রাঙ্গণ ও ছায়াবীথি বালুর মাঠে পৃথক দুটি বৈশাখী মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মো. খোরশেদ আলম। উদ্বোধন শেষে তিনি মেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং দোকানি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সকালে সাভার উপজেলা পরিষদ-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রার আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।
আনন্দ শোভাযাত্রায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারের মানুষ আনন্দ-উৎসবের পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।










