| | |

জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় বিক্ষোভ, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা

নাজমুল হুদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর শুক্রবার (১৬ মে) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।

রাত ২টার দিকে বিভিন্ন ছাত্রী হল থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে শনিবার সকাল পর্যন্ত অবস্থান করে তারা। এ সময় উপাচার্য ও প্রক্টরের সঙ্গে দফায় দফায় বাকবিতণ্ডায় জড়ান আন্দোলনকারীরা। তারা ব্যঙ্গাত্মক প্রতিবাদ ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রক্টরের পদত্যাগ দাবি করেন। পরে উপাচার্যের বাসভবনের দেয়ালে বিভিন্ন প্রতিবাদী লেখা দেখা যায়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সঙ্গে তারা প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং দেয়াল ও দরজায় প্রতিবাদী গ্রাফিতি লেখেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ১৩ মে উত্থাপিত ৬ দফা দাবি ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অপরাধীকে গ্রেপ্তার না করা এবং তথ্য গোপনের অভিযোগও তোলেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে কাজ করছে এবং কিছু অগ্রগতি রয়েছে। প্রক্টরের পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, অভিযোগ ও তদন্ত ছাড়া প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, উপাচার্যের পক্ষ থেকে ৭ দিনের সময় চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ