| | |

দিনাজপুরে বিনোদন পার্কে হামলা-আগুন-লুটপাট

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে তিনটা থেকে এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে একজন সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচ সাংবাদিকের মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে গত ১৭ আগস্ট অনৈতিক কার্যকলাপের অভিযোগে পার্কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় দুজন নারী ও পাঁচজন পুরুষকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে জীবন চৌধুরীর সমর্থকেরা পার্কের সামনে সমাবেশ করলে অপর পক্ষের কয়েক শ মানুষ সেখানে জড়ো হয়। উভয় পক্ষের সংঘর্ষের সময় কিছু লোক পার্কে ঢুকে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

পার্কের মালিক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “পরিকল্পিতভাবে ট্রাকে করে পাথর ও লাঠিসোঁটা এনে হামলা চালানো হয়েছে। এতে আমার দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।”

অন্যদিকে তৌহিদি জনতার নেতা মাওলানা হাফিজুর রহমান দাবি করেন, “জীবন মহলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলাম, কিন্তু তাঁর সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে।”

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন জানান, “অভিযান ও জরিমানার পর স্থানীয়রা শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে জীবন চৌধুরী বাইরে থেকে লোক এনে আক্রমণ চালান বলে অভিযোগ আছে। কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted