ঢাকার সাভারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জুন) বিকেলে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—বনগাঁও ইউনিয়নের দীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)। অপর নিহত ব্যক্তির (আনুমানিক বয়স জানা যায়নি) পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তারা সবাই পেশায় শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ বিকেল পৌনে ছয়টার দিকে কুন্ডা এলাকার একটি মাঠে শ্রমিকরা কাজ করছিলেন। ওই সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের শরীর ঝলসে যায় এবং তারা প্রাণ হারান।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা একই সাথে মাঠে কাজ করতে গিয়েছিলেন। বজ্রপাতের ঘটনার কিছুণ পর স্থানীয় বাসিন্দারা খালের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে স্বজনরা এসে মরদেহগুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি জানার পরপরই উপজেলা প্রশাসনের প থেকে কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সরকারি বিধি মোতাবেক নিহত প্রত্যেকের পরিবারকে দাফন ও জরুরি সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।”
আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।









