সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ২৪ শাওয়াল, ১৪৪৭

বিয়েবাড়িতে এসে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দপুর চা বাগান এলাকার একটি জলাশয় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার রামগঙ্গা গ্রামের সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)। তিনজনই ঘনিষ্ঠ আত্মীয় এবং একই পরিবারের সদস্য।

জানা গেছে, সকালে পরিবারের সঙ্গে তারা চান্দপুর চা বাগান এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। দুপুরের দিকে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাদের দেখা না পেয়ে পরিবার ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্থানীয়রা পাশের একটি জলাশয়ে তিন শিশুর মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে মারা গেছে।

মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের আহাজারিতে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। বিয়ের উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে, মাতমে ভরে উঠেছে পুরো গ্রাম।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930