জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় পলাতক আসামি ও সাবেক ইউনেয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদলত।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া শনিবার (২২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) র্যাব-৪ এর একটি দল সাভারের হেমায়েতপুরে গোপন অভিযান চালিয়ে বদরুলকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার বদরুল আলম সরদার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এ ছাড়াও তিনি সাভার থানা যুবলীগের কর্মী।
স্থানীয়রা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে বদরুল আত্মগোপনে ছিলেন এবং সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজিবের আশ্রয়ে অবস্থান করছিলেন। পাশাপাশি রাজিব-সমরের সঙ্গে ছিল তার ব্যবসায়িক সম্পর্কও।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ‘বদরুল আলম সরদারকে র্যাব গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক ছাত্র হত্যা মামলার আসামি। তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’










