| | |

সাভারে পল্লী চিকিৎসকদের আলোচনা সভা

হাম-রুবেলা প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে উপজেলা কার্যকরী কমিটির পরিচিতি সভা ও হাম-রুবেলা সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাভার উপজেলার বাগানবাড়িত রবিবার (১৭ এপ্রিল) দুপুরে এই  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ড্রাগ সুপারিনটেনডেন্ট মওদুদ আহম্মদ।

বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী এবং সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সবুজ আলী। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।

বক্তারা বলেন, টিকাদান কর্মসূচির ফলে শিশুদের মধ্যে হাম সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। সুবিধাবঞ্চিত ও দুর্গম এলাকার শিশুদের টিকার আওতায় আনতে মোবাইল টিকাদান টিম গঠন করা হয়েছে। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকাসহ অন্যান্য প্রয়োজনীয় টিকা নিয়মিত সরবরাহ করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম সফল করতে পল্লী চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে সাভার ও আশুলিয়া এলাকার দুই শতাধিক পল্লী চিকিৎসক অংশ নেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted