| | |

এবি পার্টির ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, হাতাহাতি

জেলা প্রতিনিধি, বরিশাল

আমার বালাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে বরিশালের বাবুগঞ্জে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে তাদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানও দিতে দেখা যায়।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পরবর্তী সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শেষে ফেরার পথে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনস্থলে নেতাকর্মীদের নিয়ে যান ব্যারিস্টার ফুয়াদ। সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন–ফলক ঘিরে ছবি তোলার সময় বিএনপি ও এবি পার্টির নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মীরা ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ঘটনাস্থলে থাকা এবি পার্টির বরিশাল মহানগরের সদস্য–সচিব জিএম রাব্বি বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের শুরু থেকেই বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা বিশৃঙ্খলার পরিকল্পনা করছিল। তারা অনেকটা গায়ে পড়ে এই ঘটনা ঘটিয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মী সেখানে ছিলেন। কিন্তু আমরা একটি সুন্দর অনুষ্ঠানের স্বার্থে কোনো ঝামেলা করিনি। আমরা শুধুমাত্র তাদের প্রতিরোধ করেছি।

এদিকে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আলামিন জানান, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেন। তিনি মিডিয়ার সামনে বলেন, ‘সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে’। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। তারা চাঁদাবাজদের নাম জানতে চান ব্যারিস্টার ফুয়াদের কাছে। সেটা তিনি বলতে না পারায় স্থানীয়রা ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted