ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত এক পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওই কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে নতুন ভাড়াটিয়া হিসেবে এক নারী ও এক পুরুষ বসবাস করতেন। বাসা ভাড়া নেওয়ার পর থেকেই কক্ষটির দরজা-জানালা বেশিরভাগ সময় বন্ধ থাকত। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। এ সময় এক পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
পরে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
তবে নিহতদের পরিচয় এবং মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে জামগড়া থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের পর মৃত্যুর কারণ চিহ্নিত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।









