পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ভজনপুর বাজার শাখায় চুরির উদ্দেশ্যে ঢুকে আটকা পড়া এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম শহিদুল হক (২৮)। তিনি ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার বাসিন্দা।
ব্যাংক কর্মকর্তাদের অভিযোগ, ব্যাগে ড্রিল মেশিন ও প্লায়ার্স নিয়ে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিলেন শহিদুল। তবে ব্যর্থ হয়ে তিনি শাখা ব্যবস্থাপককে ফোন দিয়ে বলেন, “আমাকে বাঁচান।” তখন ব্যাংকের মূল ফটকে বাইরে থেকে তালা দেওয়া ছিল।
শাখা ব্যবস্থাপক মো. নুরুজ্জামান জানান, রাত আটটার পর অপরিচিত নম্বর থেকে ফোন পান তিনি। প্রথমে ওই ব্যক্তি নিজেকে ব্যাংকের গ্রাহক পরিচয় দিয়ে সাহায্য চান। পরে জানান, তিনি ব্যাংকের ভেতরে আটকা পড়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীকে জানানো হলে স্থানীয় লোকজনসহ ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, “শহিদুল ভোল্টের দরজার লগ কাটারও চেষ্টা করেছিলেন।”
তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. মুসা মিয়া বলেন, শহিদুল চুরির উদ্দেশ্যে ব্যাংকে প্রবেশ করে চেষ্টাও করেছিলেন। এ ঘটনায় ব্যাংক ব্যবস্থাপক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে চুরির চেষ্টার মামলা করেছেন।
ভজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য তবিবর রহমান বলেন, “রাতে খবর পেয়ে স্থানীয় লোকজনসহ ব্যাংকে গিয়ে দেখি ওই যুবক মেঝেতে মাথা নিচু করে বসে আছেন।”










