মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

রাত পোহালেই ভোট

সাভার ডেস্ক

বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নির্ধারিত সময় শেষে কেন্দ্রের চৌহদ্দির ভেতরে উপস্থিত ভোটারদের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকায় ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

সারা দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

ইসির প্রস্তুতি সম্পন্ন : 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তিনি বলেন, তফসিল ঘোষণার পর বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালন করবেন প্রায় ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। প্রথমবারের মতো ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ইসি জানিয়েছে, ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি নজরদারি থাকবে।

গত কয়েক সপ্তাহে সারা দেশে ৮৫০টির বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

পর্যবেক্ষক ও সাংবাদিক :

নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় এবং প্রায় ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক। এ ছাড়া প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ১৫৬ জন বিদেশি সাংবাদিক।

ফল প্রকাশের প্রস্তুতি :

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একসঙ্গে গণনা করা হবে। কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফল রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হবে। অধিকাংশ আসনের ফলাফল মধ্যরাতের মধ্যে পাওয়া যাবে বলে আশা করছে কমিশন।

ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদ প্রকাশ করে ইসি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভোট উৎসবের আমেজ দেখা যাচ্ছে। বিশেষ করে রাজধানী থেকে মানুষ গ্রামে যাওয়ায় ভালো টার্নআউটের ইঙ্গিত মিলছে। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930