শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

জাবিতে ফিল্ম ফেস্টিভ্যাল 

নিজ ক্যাম্পাস মরণোত্তর সম্মাননায় সিক্ত হুমায়ূন ফরীদি

নাজমুল হুদা

হুমায়ুন ফরীদি। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’। সমাপনী দিনে কিংবদন্তি অভিনেতা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হুমায়ূন ফরীদি-কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

‘দৃশ্যে গাঁথি শিল্পের সুর, মুক্ত করি প্রাণ’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘বাংলা থিয়েটার’ প্রথমবারের মতো এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। ১৪ এপ্রিল শুরু হওয়া এই উৎসব তিন দিনজুড়ে চলচ্চিত্র প্রদর্শনী, মাস্টারক্লাস ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণবন্ত ছিল।

উৎসবে বিশেষভাবে তুলে ধরা হয় হুমায়ূন ফরীদির অবদান। ১৯৫২ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী ২০১২ সালে মৃত্যুবরণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ক্যাম্পাসের নাট্যমঞ্চ থেকেই তার অভিনয় জীবনের সূচনা হয়। তার অবদান স্মরণীয় করে রাখতে আয়োজকরা তাকে মরণোত্তর সম্মাননায় ভূষিত করেন।

অনুষ্ঠানের প্রধান সংগঠক ও বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী নাসির খন্দকার বলেন, থিয়েটার ও চলচ্চিত্রকে একসূত্রে যুক্ত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় অবদানের জন্য শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন নাহার পুতুল ও অবন্তী সিঁথিসহ মোট ১৮ জনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ‘সাঁতাও’, ‘জ্বীনের বাচ্চা’, ‘কাজলরেখা’, ‘ইন্তেজার : প্রথম প্রহর’ ও ‘হাফ টু ইনফিনিটি’সহ বিভিন্ন চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে।

সমাপনী দিনে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় শৈলী নিয়ে বিশেষ মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়। এতে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।

তিন দিনের এ আয়োজনে জহির রায়হান মিলনায়তনে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে সুস্থ চলচ্চিত্র চর্চা আরও বিস্তৃত হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930