জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাটোর আদালত চত্বরে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনা উভয়পক্ষের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- লিটন, জনি ও রানা। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) মামলার হাজিরা শেষে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় নাটোর জেলা প্রশাসক অফিসে অবস্থানরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর পৌরসভার কান্দিভিটা এলাকার বাসিন্দা জামিলুর রহমানের একই জেলার লালপুর উপজেলার রামানন্দপুর এলাকায় অবস্থিত ১২ দশমিক ৫ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমি ভোগদখল নিয়ে আশরাফুল ইসলামের সঙ্গে বিরোধের জেরে নাটোর এডিএম কোর্টে একটি মামলা চলমান রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে উভয়পক্ষের তিনজনকে আটক করেছে। তারা পুলিশ হেফাজতে রয়েছেন।’










