ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। এর সঙ্গে দূরপাল্লার যানবাহন ও কোরবানির পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় মহাসড়কে যান চলাচলে চাপ তৈরি হয়েছে।
রোববার (২৪ মে) বিকেল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক এবং নবীনগর-চন্দ্রা সড়কের গুরুত্বপূর্ণ নবীনগর ত্রি-মোড় এলাকায় বাড়তি যানচাপ দেখা যায়। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। কিছু স্থানে ধীরগতিতে যান চলাচল করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে টহল ও নজরদারি বাড়িয়েছে পুলিশ। সাভার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, আগামীকাল আশুলিয়ার উল্লেখযোগ্য সংখ্যক পোশাক কারখানায় ছুটি শুরু হলে দুপুরের পর থেকে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়তে পারে। এতে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কাও রয়েছে।
এদিকে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বিশেষ করে ভারী যানবাহন ও পশুবাহী ট্রাকের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
ঘরমুখো যাত্রীরা জানান, শেষ মুহূর্তের ভিড় এড়াতে তারা আগেভাগেই বাড়ির পথে রওনা হয়েছেন। তবে মহাসড়কে থ্রি-হুইলার ও অননুমোদিত যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাজাহান বলেন, মহাসড়কে এখন পর্যন্ত বড় ধরনের যানজট নেই। কোথাও ধীরগতি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ মাঠে কাজ করছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে বলেও জানান তিনি।ctg Solimpur 0ctg Solimpur 0ctg Solimpur 0ctg Solimpur 0ctg Solimpur 0










