আশুলিয়ার নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করার পর বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে সড়কে নেমে আসেন শ্রমিকরা। গতকাল তারা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।
সকাল থেকেই শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ইটপাটকেলে চার পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। ঘটনার জেরে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, রাজনৈতিক পরিবর্তনের পর গত বছরের ২ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তার গ্রেপ্তারের পর থেকেই প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয়। সম্প্রতি কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণা আসতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।










