| | |

জাকসুর ভোট ১১ সেপ্টেম্বর, প্রস্তুতি প্রায় শেষ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ সামনে রেখে সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। ভোটগ্রহণের জন্য ২২৪টি বুথ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি হলে দায়িত্বে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমান সংখ্যক কর্মকর্তা সহায়ক পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। হলের শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তাকর্মীরা থাকবেন।

সিনেট হলে বসানো বড় স্ক্রিনের মাধ্যমে সব হলের ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ভোট দিতে হবে ওএমআর ব্যালটে টিক চিহ্নের মাধ্যমে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেইজে ভিডিও নির্দেশনা প্রকাশ করা হবে।

ভোটের নিরাপত্তায় মোতায়েন থাকবেন ১ হাজার ২০০ পুলিশ সদস্য। ক্যাম্পাসের ১২টি গেটে ও নির্দিষ্ট পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার জন্য ইতোমধ্যে অনুরোধ পাঠানো হয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।

এবারের নির্বাচনে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত চলবে প্রচারণা। এরপর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted