বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২ | ২৫ রজব, ১৪৪৭

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, ভোলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার পথে রেজওয়ান আমিন সিফাত (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভোলা সদরের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিয়া উদ্দিন বলেন, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে ক্লোজার বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রেজওয়ান আমিন সিফাত (২৫) ওই এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ প্রত্যাশী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন রেজওয়ান। তখন ওত পেতে থাকা অস্ত্রধারীরা তাকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে রেজওয়ানকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করেন, “আমার ছেলে ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। তাকে কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে।”

আলাউদ্দিন হাওলাদারের দাবি, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে তারা আমাদের পরিবারের ওপর নির্যাতন চালিয়েছে। আর আজ আমার ছেলেকে প্রাণ দিতে হল। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’

ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুনায়েদ হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে রক্তাক্ত একজনকে নিয়ে আসা হয়। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

ভোলা সদরের ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিয়া উদ্দিন আরও বলেন, ‘পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031